আজ
|| ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
“নেপালে আন্তর্জাতিক পুরস্কারে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও ইমরান আলম রোজের সাফল্য”
প্রকাশের তারিখঃ ১৩ ডিসেম্বর, ২০২৫
নেপালে অনুষ্ঠিত এশিয়ান এক্সিলেন্স অ্যাচিভার্স অ্যাওয়ার্ড–২০২৫-এ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সাংস্কৃতিক পারফরম্যান্সে সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ প্রতিযোগিতায় ভারত দ্বিতীয় এবং আয়োজক দেশ নেপাল তৃতীয় স্থান অর্জন করে।
আয়োজক সূত্র জানায়, প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল এশিয়ার বিভিন্ন দেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা। এই পর্বে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বাংলাদেশের লোকজ সংস্কৃতি, ঐতিহ্যবাহী নৃত্য, সংগীত ও জাতীয় পোশাক নান্দনিকভাবে উপস্থাপন করে দর্শক ও বিচারকদের প্রশংসা কুড়ায়।
এ আয়োজনে প্রতিষ্ঠানটির শিক্ষক ইমরান আলম রোজ পেয়েছেন সেরা শিক্ষক ও সাংস্কৃতিক দূত (Best Teacher and Cultural Ambassador) সম্মাননা। এশিয়ার ১৫টি দেশের অংশগ্রহণকারীদের মধ্য থেকে তাঁকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। সাংস্কৃতিক উপস্থাপনায় নেতৃত্ব, দিকনির্দেশনা ও শিক্ষার্থীদের প্রস্তুতিতে তাঁর ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের প্রতিনিধি পরিষদের স্পিকার দেব রাজ ঘিমিরে। বিশেষ অতিথি ছিলেন নেপাল সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী বাবলু গুপ্তা। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আনন্দ প্রসাদ পোখারেল, প্রতিনিধি পরিষদের সদস্য এক নাথ ঢাকাল ও তারা লামা তামাং, এবং ধুলিখেল পৌরসভার মেয়র আশোক ব্যাঞ্জু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু।
অনুষ্ঠানটি আয়োজন করে নেপাল সরকারের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় এবং সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, পাঠ্যশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা, নেতৃত্ব বিকাশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অংশগ্রহণে উৎসাহ দেওয়ার ধারাবাহিক উদ্যোগের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির মর্যাদা আরও সুদৃঢ় করবে।
Copyright © 2026 The Daily Front News. All rights reserved.