আজ
|| ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি : মির্জা ফখরুল
প্রকাশের তারিখঃ ১৭ এপ্রিল, ২০২৬
মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতি হিসেবে স্বীকৃতি পেলেও স্বাধীনতার ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৭ এপ্রিল) যুব নেতৃত্ব ও উন্নয়ন সংগঠন জেসিআই আয়োজিত এক কার্নিভালে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠা পেলেও গত পাঁচ দশকের বেশি সময়ে কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করা যায়নি। দেশের মাথাপিছু আয় ও জিডিপি এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমানে প্রায় ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে এবং অনেকেই এখনও শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও দেশের বিভিন্ন খাতে অগ্রগতির দিক তুলে ধরে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার দিকে অগ্রসর হওয়াকে ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তরুণদের একটি বড় অংশ স্বউদ্যোগে ব্যবসা ও কৃষিভিত্তিক খামার গড়ে তুলছে, যা দেশের অর্থনীতির জন্য সম্ভাবনাময় পরিবর্তন।
তিনি বলেন, তরুণদের উদ্যোক্তা হওয়ার এই প্রবণতা প্রশংসনীয় এবং এ ক্ষেত্রে জেসিআইয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। তরুণদের জন্য সংগঠনটির বিভিন্ন উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলছে বলেও জানান তিনি।
বক্তব্যের শেষদিকে তিনি বলেন, বড় কিছু অর্জন করতে হলে স্বপ্ন দেখা জরুরি। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের প্রসঙ্গ তুলে ধরে বলেন, নতুন স্বপ্ন নিয়ে এগোলে দেশ এগিয়ে যাবে। ‘এই দেশ আমাদের, আমাদেরই গড়ে তুলতে হবে’ এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Copyright © 2026 The Daily Front News. All rights reserved.