• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

বাংলাদেশ টি-টোয়েন্টি দলে বড় চমক, ফিরলেন নাঈম-সাইফউদ্দিন, বাদ শান্ত

ক্রীড়া প্রতিবেদক / ৭৬ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ ঘোষিত সেই দলে ফিরেছেন মোহাম্মদ নাঈম শেখ ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বাদ পড়েছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ বেশ কজন নিয়মিত মুখ।

টানা ব্যর্থতার দায় নিয়ে বছরের শুরুতে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। সেই ধারাবাহিকতায় এবার জায়গা হারালেন দলে। সর্বশেষ ১৯ ইনিংসে কোনো ফিফটি না পাওয়া এই ব্যাটার ছাড়াও স্কোয়াডে নেই সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও নাহিদ রানা।

তাদের সঙ্গে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন দুই গুরুত্বপূর্ণ পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। আছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও। বাংলাদেশ বর্তমানে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে। এই সিরিজ শেষেই মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ জুলাই, ক্যান্ডির পাল্লেকেলেতে। পরের দুই টি-টোয়েন্টি ১৩ ও ১৬ জুলাই। দ্বিতীয় টি-টোয়েন্টি ডাম্বুলায় এবং শেষ ম্যাচটি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়।

বাংলাদেশ স্কোয়াড-

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোঃ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category