কেবল মাঠেই নয়, এবার মানবিকতার মঞ্চেও নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে এক অনন্য উদ্যোগ নিয়েছে বিসিবি। আজকের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রির সম্পূর্ণ আয় প্রদান করা হবে দুটি জাতীয় ট্র্যাজেডিতে আহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তায়।
বিসিবির প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অর্থ দেয়া হবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের সহায়তায় গঠিত জুলাই ফাউন্ডেশনকে।
বিবৃতিতে বলা হয়, ‘শোক ও স্মৃতির এই মুহূর্তে সংহতির নিদর্শন হিসেবে বিসিবি পুরো টিকিট আয় দুটি খাতে প্রদান করবে। গত ২১ জুলাই মর্মান্তিকভাবে মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হন, যা দেশজুড়ে গভীর শোকের ছায়া ফেলেছে। এছাড়া ২০২৪ সালের জুলাই মাসে রাজনৈতিক সহিংসতায় অনেক তরুণ প্রাণ হারায় এবং বহু মানুষ আহত হন।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই উদ্যোগ সম্পর্কে বলেন, ‘বাংলাদেশে ক্রিকেট কেবল একটি খেলা নয়, এটি আমাদের জাতীয় আত্মার একটি অংশ। শোক ও স্মরণের মুহূর্তে, আমাদের একটি সম্প্রদায় হিসেবে একসঙ্গে দাঁড়ানো উচিত। সম্প্রতি ঘটে যাওয়া এসব মর্মান্তিক ঘটনার শিকারদের আরোগ্য প্রক্রিয়ায় সামান্য হলেও অবদান রাখতে পেরে বিসিবি গর্বিত ও কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, বিসিবি সবসময় দেশের মানুষের পাশে থাকতে চায় এবং এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি বিসিবির প্রার্থনা ও সমর্থন থাকবে। সিরিজের প্রথম দুটি ম্যাচ জেতা বাংলাদেশ আজ মাঠে নেমেছে পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের লক্ষ্যে। তবে ক্রিকেট মাঠের লড়াইয়ের বাইরেও বিসিবির এই উদ্যোগ হৃদয় ছুঁয়েছে।