জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে এক বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে। এই অভিযোগকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। তবে এই অভিযোগকে ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত গুজব বলে দাবি করলেন তাসকিন নিজেই।
আজ রবিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে তাসকিন লিখেছেন, ‘সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেউও বিভ্রান্ত করবেন না।
আশা করি সত্য এর সাথেই থাকবেন সত্য কখনো মিথ্যা হয় না। তাসকিনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছেন তার এক বন্ধু সিফাতুর রহমান সৈকত, যিনি মিরপুর মডেল থানায় এ নিয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তাসকিন নিজেও। তিনি বলেন, ‘এটা আসলে একটা ভিত্তিহীন খবর। আমার আরেক বন্ধুর সাথে ঝগড়া হয়েছিল অন্য জনের। বাকি দুজনই আমার বন্ধু, সে আমার নামটা বলে ফেলেছে, আমার সাথে কোনো ঝগড়াই হয়নি ওর।
বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) খোঁজ নিয়েছে। বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘সে (তাসকিন) জানিয়েছে এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত না। তার বন্ধুদের মধ্যে দুই গ্রুপের মারামারি হয়েছে। এ ঘটনার সঙ্গে মোটেও জড়িত নয় বলে জানিয়েছে তাসকিন।
জানা গেছে, তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল রবিবার রাতে রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় এই ঘটনা ঘটে বলে দাবি করেছেন অভিযোগকারী সিফাতুর রহমান সৌরভ। ঘটনার পরপরই ভুক্তভোগী মিরপুর মডেল থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, তাসকিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্তও শুরু হয়েছে।
জিডির বিবরণ অনুযায়ী, তাসকিন আহমেদ ফোনে ডেকে নিয়ে সৌরভকে শারীরিকভাবে আঘাত করেন এবং হুমকি দেন। অভিযোগে উল্লেখ করা হয়- তাসকিন সৌরভকে কিল-ঘুষি মারেন এবং অপ্রীতিকর আচরণ করেন। জানা গেছে, দুজনের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যা বর্তমানে নষ্ট হয়েছে।