স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব এমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জুলাই আন্দোলনের সময় সংঘটিত পুলিশ হত্যার ঘটনা দ্রুত তদন্তের আওতায় আনা হবে।
শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য দেন। মির্জা ফখরুল বলেন, ‘জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে এবং দ্রুত তদন্ত করা হবে।
তিনি আরও মন্তব্য করেন, “দীর্ঘদিন ধরে দেখা গেছে, পূর্ববর্তী সরকারের সময়ে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল এবং অকার্যকর হয়ে পড়েছিল। নতুন সরকারের বড় চ্যালেঞ্জ হলো এই প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করা, জবাবদিহি নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।
ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “ঠাকুরগাঁও-১ এর মানুষ আমাকে মূল্যবান ভোট দিয়ে সমর্থন করেছেন। তাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি দায়িত্বের সঙ্গে কাজ করে যাব।