• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

বাহাদুরাবাদে ব্রহ্মপুত্র নদে ব্রিজ না থাকায় ২০ গ্রামের মানুষের ভোগান্তি

এস এম খোরশেদ আহম্মেদ / ২১ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে বাহাদুরাবাদ দফাদারঘাট টু আজিজলপুর যাওয়ার একমাত্র ব্রহ্মপুত্র নদের পারাপারের জন্য সেতু না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছে ২০ টি গ্রামের অন্তত ৫০ হাজার মানুষ। নদী পার হওয়ার জন্য চরাঞ্চলের মানুষের একমাত্র ভরসা রশি টানার খেওয়ার নৌকা। এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যেই নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হলে ভোগান্তি কমবে চরাঞ্চলের এসব মানুষের।

সরেজমিনে দেখা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের দফাদারঘাট টু চর বাহাদুরাবাদ আজিজলপুরের এর বুক চিরে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী। এই নদীটি দিয়ে প্রতিদিন খেওয়া ঘাট দিয়ে চলাচল করে চর বাহাদুরাবাদ, আজিজলপুর, মন্নেপাড়া, গুকিনাদ পাড়া, শুক্কুরের বাজার, পন্ডিতপাড়া, দক্ষিণ হড়িচন্ডী, চর মাঘরিহাট, খোলাবাড়ি, বাইতান পাড়া, সরকার পাড়া, বাহাদুরাবাদ, নয়া গ্রাম, ভাঙ্গার গ্রাম, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়ন সহ অন্তত ২০টি গ্রামের মানুষ চলাচল করে থাকেন। এই নদীর কারনে গ্রামের মানুষের যোগাযোগ সুবিধা না থাকায় নাগরিকসেবা থেকে বঞ্চিত হচ্ছে এসব অঞ্চলের মানুষ। কৃষকদের উৎপাদিত পণ্য বাজারে নিতে হিমশিম খেয়ে অতিরিক্ত সময় ও টাকা ব্যয় করতে হয়। এ কারণে ওইসব চরাঞ্চলের কৃষকরা বিভিন্ন ফসল উৎপাদন করেও লাভের মুখ দেখতে পারেন না।

একজন শিক্ষার্থীকে বিদ্যালয়ে যেতে হলে অতিরিক্ত সময় ব্যয় করে জীবনের ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে পারাপার হতে হয়। বিশেষ করে কেন্দ্রীয় কোন পরিক্ষায় অংশ নিতে প্রায় এক-দেড় ঘন্টা সময় হাতে নিয়ে বের হতে হয়। গ্রামের মানুষ রুজির তাগিদে কাজের জন্য জেলা শহরে যেতে হলে তাকে কমপক্ষে ২ ঘন্টা সময় বেশি নিয়ে যেতে হয়। সেতু নির্মাণ না হওয়ায় নারী, পুরুষ, বৃদ্ধ, শিক্ষার্থী-সহ সবাই রয়েছেন চরম দুর্ভোগে। স্থানীয় এলাকাবাসীর ধারণা এই নদীর ওপর একটি সেতু নির্মাণ হলে জনজীবনে যেমন দুর্ভোগ কমবে তেমনি অর্থনীতির গতিপথও দ্রুত বদলে যাবে।

দফাদারঘাট বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, এই নদীর কারণে আমরা এলাকার প্রায় ৫০ হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হয়ে পড়েছি। অবহেলিত চরাঞ্চলে উন্নয়নের ছোঁয়া না থাকায় এই এলাকার মানুষ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে বিছিন্ন যোগাযোগ ব্যবস্থার কারণে এই এলাকার মানুষ নাজুক পরিস্থিতির মধ্যে থাকায় এই এলাকার জীবনমান এখনো নিম্নমুখ রয়ে গেছে।

আজিজলপুর গ্রামের বাসিন্দা শেখ মোহাম্মদ খাইরুল ইসলাম জানান, জরুরী কোনো রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যেতে হলে অনেক ঘুরে হাসপাতালে যেতে হয়। এখানে একটা সেতু হলে মানুষের দুর্ভোগ অনেক কমে যেত।

বাহাদুরাবাদ ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার জানান, জীবনের ঝুঁকি নিয়ে এসব এলাকার কৃষক, ব্যবসায়ী, স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ ছোট নৌকা দিয়ে পারাপার হচ্ছে। বিভিন্ন কৃষিপণ্য বর্ষায় নৌকায় পারাপার করে থাকেন। যদি এই এলাকায় একটি সেতু নির্মাণ করা হয় তাহলে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
বাহাদুরাবাদ গ্রামের বাসিন্দা আবু হাসেম জানান, চিকিৎসা, শিক্ষা, কৃষি সামগ্রী পরিবহনে এলাকার মানুষ পিছিয়ে আছে। খেওয়ার নৌকা ছাড়া যাতায়াতের আর কোন ভরসা নেই, সেতুটি নির্মাণ হলে এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন হবে।

বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মিয়া জানান, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এসব এলাকার গ্রামের মানুষ যাতায়াতের ভোগান্তি শিকার হয়ে আসছে। একটি সেতুর অভাবে স্থানীয় মানুষ নানামুখী সমস্যায় রয়েছেন। চর বাহাদুরাবাদ এলাকাবাসী বাহাদুরাবাদ ইউনিয়নে আসতে অনেক সমস্যা হয় এবং রাত হলেই আর খেওয়ার নৌকা পাওয়া যায় না সেতুটি নির্মাণ হলে এলাকার মানুষের ভাগ্যের সুফল আসবে। সেতু নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার যে নদী গুলো রয়েছে এবং এলাকাবাসীর নদী পারাপারের কষ্ট হচ্ছে সেই এলাকাগুলো তে ব্রিজ নির্মাণ হবে এবং ইতিমধ্যেই দেওয়ানগঞ্জ উপজেলায় পাঁচ টি ব্রিজ নির্মাণ হবে একটু ধৈর্য ধরতে হবে সব কাজ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category