সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ মেট্রিক টন ডিজেল নিয়ে ‘ইউয়ান জিং হি’ নামের একটি তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব শাহিনা সুলতানা।
এদিন দুপুর ২টা থেকে চট্টগ্রাম বন্দরের ডলফিন ডেটিতে খালাস কার্যক্রম শুরু হবে। সে সময় বিপিসির কর্মকর্তারা বন্দরে উপস্থিত থাকবেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সংকটের মধ্যেই এপ্রিলের প্রথম সপ্তাহে সিঙ্গাপুর থেকে ডিজেল ও অকটেন নিয়ে দুটি জাহাজ দেশে আসার কথা আগেই জানিয়েছিল বিপিসি। এর মধ্যে ইউয়ান জিং হি জাহাজ আজ বন্দরে এসেছে। অপরটিতে ২৫ হাজার মেট্রিক টন অকটেন আমদানি করা হয়েছে। সেটিও কয়েকদিনের মধ্যে দেশে আসবে।
বিপিসির সচিব শাহিনা সুলতানা খবরের কাগজকে বলেন, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা রাখছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
জানা গেছে, বিপিসি বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে জি-টু-জি মেয়াদি চুক্তি ও আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল আমদানির মাধ্যমে দেশে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এ কাজটি বড় চ্যালেঞ্জিং হলেও বিপিসি পরিশোধিত জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে। সেন্ট্রাল স্টার নামের তেলবাহী জাহাজে ২৫ হাজার মেট্রিক টন অকটেন আমদানি করা হয়েছে। যা আগামী কয়েকদিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে।