• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

গণআন্দোলন ছাড়া সরকার সংস্কার বাস্তবায়ন করবে না : নাহিদ ইসলাম

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ১৩ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

গণআন্দোলন ছাড়া সরকার সংস্কার বাস্তবায়ন করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এবার আমাদের গণআন্দোলনের প্রস্তুতি নিতে হবে।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের’ সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে এগারো দলীয় জোট।

নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের দুই বছর পরও আমরা সবাই এক জায়গায় আছি। আমরা সেই ঐক্যের জায়গায় আছি—বাংলাদেশকে সংস্কারের মধ্য দিয়ে পরিবর্তন করতে হবে। এবং এই পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান বিএনপি সরকার।

সরকার কখনো সংস্কার বাস্তবায়ন করবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম সংসদে সবকিছুর সমাধান হবে। কিন্তু সংসদকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। এবার আমাদের গণআন্দোলনের প্রস্তুতি নিতে হবে। গণআন্দোলন ছাড়া সরকার সংস্কার বাস্তবায়ন করবে না। তবে এবার আমরা পরিকল্পনা মোতাবেক রাজপথে নামতে হবে। এবার আর ব্যর্থ কিংবা অর্ধেক সফল হতে চাই না।

নাহিদ ইসলাম বলেন, ‘সংস্কার কোনো দলের না; এটা বাংলাদেশ রক্ষার দাবি। আমরা ঐক্যবদ্ধ আছি। এবার আমরা মঞ্চে যারা বসে আছি, তারা সামনে দাঁড়াব। গুলি আসলে আগে আমাদের বুকে লাগবে। আপনারা সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। সংস্কার বাস্তবায়ন করা হবে। বিএনপি কিংবা কোনো বিদেশি শক্তি বাধা দিলে তাদের পরাজিত করা হবে।

শহিদ পরিবার নিয়ে সরকার ব্যবহার করছে উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই শহিদ ও আহতরা এ দেশের সম্পদ। তাদের নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। আমাদের দাবি সমর্থন করলে আমাদের সহযোগিতা করবেন। কিন্তু সরকার কখনো জুলাই যোদ্ধা, কখনও একাত্তরের নাম ব্যবহার করে তাদের বিভিন্ন কাজের বৈধতা দিচ্ছে। কিন্তু চব্বিশ এবং একাত্তর—কোনোটিই তারা ধারণ করে না।

বিএনপি সরকার গঠনের পর থেকেই বাংলাদেশ পেছনের দিকে হাঁটছে—এমন অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, ‘এ দেশের গণআন্দোলনের সুফল বিএনপি ভোগ করেছে। নব্বইয়ের গণঅভ্যুত্থানের সুফল তারা ভোগ করেছে। কিন্তু ক্ষমতায় বসে তিন জোটের রূপরেখাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখনও জুলাই সনদ এবং অধ্যাদেশ প্রত্যাখ্যান করছে।’

অনুষ্ঠানে এগারো দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category