মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামিকে বড় এক জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। তার জোড়া গোল আর সমান অ্যাসিস্টে নিউইয়র্ক রেড বুলসকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মায়ামি।
নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচে নিজের দ্বিতীয় গোল দিয়েই নন-পেনাল্টিতে রোনালদোর রেকর্ড গুঁড়িয়ে দেন মেসি। এতদিন পেনাল্টি ছাড়া সর্বোচ্চ ৭৬৩ গোলের রেকর্ডটি ছিল পর্তুগিজ তারকার অধীনে। আজকের জোড়া গোলে রোনালদোকে ছাড়িয়ে মেসির নন-পেনাল্টি গোল ৭৬৪টিতে পৌঁছে গেল।
এ ছাড়া এমএলএসের ইতিহাসে পঞ্চম ফুটবলার হিসেবে দুই বছরে কমপক্ষে ৩৫টি গোল ও ২৫ অ্যাসিস্টের রেকর্ডও গড়েছেন মেসি। এই তালিকায় মেসির সঙ্গী হিসেবে আছেন রবি কিন (২০১৩-১৪), সেবাস্তিয়ান গিওভিনকো (২০১৫-১৬), কার্লোস ভেলা (২০১৮-১৯) ও কুচো হার্নান্দেজ (২০২৩-২৪)।