ব্যস্ত সূচি অপেক্ষায়। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের পর এশিয়া কাপ খেলতে যাবে বাংলাদেশ। তার আগে ফিটনেস বাড়াতে মনোযোগী টাইগাররা। মিরপুরে অনুশীলনের পর অ্যাথলেটিক্স ট্রাকেও দৌড়েছেন ক্রিকেটাররা।
১৬০০ মিটারের দৌড়ে ২২ ক্রিকেটারের মধ্যে সেরা হন নাহিদ। সময় লেগেছে মাত্র ৫ মিনিট ৩১ সেকেন্ড। দ্বিতীয় হন তানজিম সাকিব। টাইগার এই পেসার নেন ৬ মিনিটের একটু কম সময়। এই দুজনের ফিটনেসের প্রশংসা করেছেন কেলি, ‘টাইম ট্রায়ালে প্রায় ১২ জন খেলোয়াড় নিজেদের সেরা টাইমিং করেছে। নাহিদের পারফরম্যান্স অসাধারণ। দলের সবাই উন্নতির চেষ্টা করছে।’
ফিটনেস টেস্টে ক্রিকেটারদের ইচ্ছাতে দারুণ কিছু দেখছেন কেলি, ‘ক্রিকেটাররা খুব মোটিভেটেড। ওরা সবাই প্রচণ্ড পরিশ্রমী এবং নিজেদের সেরা বানাতে চায়। আমি কখনো আমাদের খেলোয়াড়দের কাছ থেকে ফিটনেস নিয়ে কোনো অভিযোগ পাইনি। তারা পুরোপুরি যুক্ত হয়েছে, উন্নতির চেষ্টা করছে, এবং তাদের এনার্জি ও উৎসাহ দারুণ।’
টাইগারদের এই ক্যাম্পের ফিটনেস অংশ চলবে ১৫ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে স্কিল ট্রেনিং। ২০ আগস্ট থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রস্তুতি ক্যাম্প। সেখানেই ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর এশিয়া কাপ খেলতে উড়াল দেবে দল।