চাঁদা দাবিকে কেন্দ্র করে রাজধানীর আদাবরে একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসার ইঙ্গিতও দিয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। কারখানায় হামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং বিষয়টি তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আসবে কি না— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু পরিবর্তন আসবে, এটি নিশ্চিত। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদের প্রথম অধিবেশন সম্পর্কেও কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী সংসদ অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন নির্ধারিত দিনের অন্তত ১৫ দিন আগে জারি করতে হয়। সেই প্রক্রিয়া অনুসরণ করেই আগামী ১২ মার্চ সংসদের অধিবেশন আহ্বান করা হবে।
তিনি বলেন, ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ উপস্থাপন, শোক প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণসহ নিয়মিত কার্যসূচি অন্তর্ভুক্ত থাকবে।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না— এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টিও পরবর্তী সময়ে চূড়ান্ত করা হবে বলে উল্লেখ করেন তিনি।