জামালপুর জেলার ইসলামপুর পৌরসভার (ধর্মকুড়া বাজার) ৬ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান আলী আজম আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এভিয়েশন খাতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি প্রিন্সিপাল মোঃ সুরুজ্জামান ও শিক্ষিকা মোসাম্মৎ আসমা খাতুনের সুযোগ্য সন্তান। আলী আজম ২০০৭ সালে বাংলাদেশ ফ্লাইং একাডেমী থেকে কমার্শিয়াল পাইলট লাইসেন্স (CPL) অর্জনের মাধ্যমে পেশাজীবন শুরু করেন। ২০০৮ সালে তিনি ইউনাইটেড এয়ারওয়েজ-এ যোগদান করেন। পরবর্তীতে ২০১০ সালে রিজেন্ট এয়ারওয়েজ-এ যুক্ত হয়ে দক্ষতা ও পেশাদারিত্বের স্বাক্ষর রাখেন এবং ২০১২ সালে প্রথমবারের মতো ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
২০১৪ সালে তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্স-এ ক্যাপ্টেন হিসেবে যোগ দেন। শুরুতে তিনি Q400 উড়োজাহাজের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৭ সালে বোয়িং ৭৩৭ উড়োজাহাজের ক্যাপ্টেন হিসেবে সফলভাবে ফ্লাইট পরিচালনা শুরু করেন।
পেশাগত উৎকর্ষতার ধারাবাহিকতায় ২০২৪ সালে তিনি Airbus A330 উড়োজাহাজে ফার্স্ট অফিসার (সহকারী পাইলট) হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ২০২৫ সালের শেষের দিকে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে কোম্পানির নীতিমালা অনুযায়ী তিনি বাংলাদেশের প্রথম Airbus A330 ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব লাভ করেন-যা দেশের এভিয়েশন ইতিহাসে এক গৌরবোজ্জ্বল মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এই ঐতিহাসিক অর্জনের বিষয়টি গত ২৩ ফেব্রুয়ারি ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের এক অফিসিয়াল প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করে। আলী আজমের এই অসাধারণ সাফল্য শুধু তাঁর পরিবার বা জামালপুরবাসীর জন্য নয়, সমগ্র দেশের জন্যই গর্বের বিষয়। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করি।