জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে সাথী (১৮) নামে এক নববধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাথী ওই এলাকার সাইদুরের মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে সাথীর বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না। গতকাল তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রচণ্ড ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে অভিমান করেই সাথী আত্মহননের পথ বেছে নিয়েছেন। কিছুদিন আগে একই এলাকার শাহজালালের ছেলে সভার সাথে তার বিয়ে হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরপাকেরদহ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমার এলাকার শেষ সীমানা হওয়ায় ঘটনাস্থলে যেতে পারি নি। তবে শুনেছি স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জের ধরেই এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, সংবাদ পেয়ে থানা পুলিশসহ আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।