আগামী এক বছরের মধ্যে দেশের বন্ধ হয়ে থাকা ৫০টি পাট ও বস্ত্রকল পর্যায়ক্রমে পুনরায় চালু করার ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (৪ মে) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বন্ধ কলকারখানা চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির অগ্রগতি জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, আজ সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে পাট ও বস্ত্রকলের অধীন থাকা ৫০টি (২৫টি পাট ও ২৫টি বস্ত্র) মিল চালুর অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন। আমরা তাঁকে বিস্তারিত জানিয়েছি।
তিনি আরও বলেন, পাট ও বস্ত্র খাতের অনেকগুলো মিল বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী এক বছরের মধ্যে এই ৫০টি মিল চালুর প্রক্রিয়া সম্পন্ন হবে। এতে বিশাল কর্মসংস্থান ও বিনিয়োগ তৈরি হবে। চলতি বছরের মধ্যেই আরও ৬টি মিল নতুন করে চালু করা হবে।
আসন্ন কোরবানির ঈদে যাতে কোনো পশুর চামড়া নষ্ট না হয়, সে বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।