• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রম সম্পন্ন

স্টাফ রিপোর্টার / ২৩৩ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

জামালপুর পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন এর সার্বিক দিকনির্দেশনা, সভাপতিত্ব ও তত্ত্বাবধানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-২০২৬ এর কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতে সফলভাবে সম্পন্ন হয়েছে।

জামালপুর জেলায় টিআরসি নিয়োগ-২০২৬ এ মোট ৩,৮৭৩ জন প্রার্থী আবেদন করেন। Physical Endurance Test (PET) এর Admit Card প্রদর্শন সাপেক্ষে পরীক্ষার্থীগণ মাঠ পর্যায়ের সকল পরীক্ষায় অংশগ্রহণ করেন। ৭টি ধাপে ০৩ (তিন) দিনব্যাপী শারীরিক পরীক্ষা ও কাগজপত্র যাচাই কার্যক্রম পরিচালিত হয়। প্রতিটি ইভেন্টে “নক আউট সিস্টেম” অনুসরণ করা হয়, অর্থাৎ কোনো ইভেন্টে অকৃতকার্য হলে পরবর্তী ইভেন্টে অংশগ্রহণের সুযোগ ছিল না।

নিয়োগ পরীক্ষার সকল কার্যক্রম পুলিশ সুপার, জামালপুরের সভাপতিত্বে পার্শ্ববর্তী ০২টি জেলার অতিরিক্ত পুলিশ সুপার/সহকারী পুলিশ সুপারদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে এবং পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত ০২ জন সিনিয়র অফিসারের উপস্থিতি ও পর্যবেক্ষণে সম্পন্ন হয়।

১৫/০৪/২০২৬ তারিখে প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ২,৮৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এবং ১,৭১৮ জন কৃতকার্য হন।১৬/০৪/২০২৬ তারিখে দ্বিতীয় দিনে ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১,৬৬১ জন অংশগ্রহণ করেন এবং ৯৯৮ জন কৃতকার্য হন।

১৭/০৪/২০২৬ তারিখে তৃতীয় দিনে নারীদের জন্য ১,০০০ মিটার এবং পুরুষদের জন্য ১,৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৯৮৯ জন অংশগ্রহণ করেন এবং ৪৯৫ জন কৃতকার্য হন। তিন দিনের সকল ইভেন্টে উত্তীর্ণ পরীক্ষার্থীদের Face Detection এর জন্য ছবি সংরক্ষণ করা হয়।

কৃতকার্য পরীক্ষার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে ৫৬/- টাকা জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করেন। ৪৯৫ জনের মধ্যে ৪৯০ জন পরীক্ষার্থী অনলাইনে টাকা জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করেন এবং ০৫ জন পরীক্ষার্থী নির্ধারিত ফি জমা দেননি।

২৭/০৪/২০২৬ তারিখে জামালপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে দেড় ঘণ্টাব্যাপী ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ০২ জন অনুপস্থিত থাকেন এবং ৪৮৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষার্থীদের উত্তরপত্র কোডিংয়ের মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মূল্যায়ন করা হয়।

অদ্য ০৬/০৫/২০২৬ তারিখ সকাল ০৯.০০ ঘটিকায় লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ৭৮ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় কৃতকার্য হন। পরবর্তীতে কৃতকার্যদের মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা গ্রহণ করা হয়।

চূড়ান্ত ফলাফলে ৪৩ জন পরীক্ষার্থীকে মেধা কোটায় উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে এবং ০৯ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

উত্তীর্ণ ও অপেক্ষমাণ পরীক্ষার্থীদের আগামীকাল সকাল ১০ টায় পুলিশ লাইন্স, জামালপুর ড্রিল শেডে ভেরিফিকেশন ফরম ও স্বাস্থ্য পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন করা হবে। পরবর্তীতে স্থানীয় থানার মাধ্যমে পুলিশ লাইন্স, জামালপুর হাসপাতালের প্রাথমিক ডাক্তারি পরীক্ষার তারিখ জানানো হবে। এছাড়াও চূড়ান্তভাবে উত্তীর্ণদের রাজারবাগ পুলিশ হাসপাতাল এবং জামালপুর সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে।

সফল পুলিশ ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মৌলিক প্রশিক্ষণের জন্য পুলিশ ট্রেনিং সেন্টারে প্রেরণ করা হবে।

পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, সমগ্র নিয়োগ কার্যক্রম শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক পরিবেশে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের তদবির, আর্থিক লেনদেন কিংবা অনিয়মের সুযোগ ছিল না। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের নির্বাচন করা হয়েছে।

জামালপুর জেলা পুলিশ এ নিয়োগ কার্যক্রমে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং নবনির্বাচিত সদস্যদের ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category