জামালপুরের ইসলামপুরে পৃথক তিনটি নাশকতা মামলায় বিএনপির ৮৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আদালত সূত্র জানিয়েছে, অভিযোগ গঠনের ধার্য তারিখে আসামিরা আদালতে হাজির না হওয়ায় সময়ের আবেদন নামঞ্জুর করে সংশ্লিষ্ট বিচারকরা অভিযোগ গঠন ও গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।
সম্প্রতি জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ ও ২-এর বিচারকরা আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা পৃথক তিনটি মামলায় এ আদেশ দেন।
গ্রেপ্তারি পরোয়ানাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টার, নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক খোরশেদ কাজী, গোয়ালেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক পাগাল, যুবদল নেতা বিপুল মিয়া, গোয়ালেরচর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, গাইবান্ধা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু সরদার, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আব্বাস আলী এবং গোয়ালেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম মেম্বার।
আদালত সূত্রে জানা গেছে, মামলাগুলোর অভিযোগ গঠনের ধার্য তারিখে বিএনপির নেতা-কর্মীরা আদালতে হাজির না হওয়ায় আসামিপক্ষের আইনজীবী সময় প্রার্থনা করেন। শুনানি শেষে সংশ্লিষ্ট বিচারকরা সময়ের আবেদন নামঞ্জুর করেন এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।