বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি হঠাৎ করে রাজনীতিতে আসেনি, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দলটি এগিয়েছে। তাই ধমক বা চাপ দিয়ে কোনো লাভ হবে না।
বুধবার (২০ মে) বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার, শারীরিকভাবে অক্ষম ব্যক্তি, প্রশিক্ষিত নারী এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
মির্জা ফখরুল বলেন, গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করেছেন এবং নানা নির্যাতনের শিকার হয়েছেন। তিনি দাবি করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের গণতন্ত্র ও মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন।
নতুন রাজনৈতিক জোটের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, কয়েকটি দল মিলে নতুন জোট গঠন করে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। তবে এসব বক্তব্যে বিএনপি বিচলিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শনে গিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন মির্জা ফখরুল। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।
সভায় জানানো হয়, আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর পরিকল্পনা রয়েছে। বিমানবন্দরটি চালু হলে উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করা হয়। এ সময় কয়েকটি রাজনৈতিক দলের সমালোচনা করে বক্তারা বলেন, সরকার বিভিন্ন সংস্কার ও সনদ বাস্তবায়নে আন্তরিক হলেও কিছু মহল অপপ্রচার চালাচ্ছে।
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪০ সালে ব্রিটিশ সরকার ঠাকুরগাঁও বিমানবন্দর নির্মাণ করে। ১৯৭৭ সাল পর্যন্ত ঢাকার সঙ্গে যাত্রীবাহী বিমান চলাচল থাকলেও ১৯৮০ সালে তা বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় বর্তমানে রানওয়ে ও অবকাঠামোর অনেক অংশ ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে।