জামালপুরের ইসলামপুরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় উপজেলা কৃষক লীগের নেত্রী পুতুল রাণীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) দুপুরে ইসলামপুর পৌর শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতো। তবে তিনি কোন পত্রিকার সাংবাদিক সেটা কেউ বলতে পারেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। গ্রেপ্তারকৃত পুতুল রাণী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও ইসলামপুর পৌর শহরের ইসলামপুর বাজারি পাড়া (কিংজাল্লা) এলাকার মৃত সাদাফলের মেয়ে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সন্ত্রাস বিরোধী আইনের বাদী ফজলু মিয়ার দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি পুতুল রাণী। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।