ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, এখন থেকে ১২ কেজির সিলিন্ডার কিনতে গ্রাহককে গুনতে হবে ২ হাজার ৬০ টাকা। এর আগে দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।
সোমবার (২ নভেম্বর) নতুন দামের ঘোষণা দেয় বিইআরসি। একই দিন রাত ৮টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৪ অক্টোবর এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়। এদিকে নভেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটারে ৭ টাকা ৩৩ পয়সা বাড়িয়ে মূসকসহ অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯১ টাকা ৯৫ পয়সা।
এর আগে ৪ অক্টোবর অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১১ টাকা ৫৩ পয়সা বাড়িয়ে মূসকসহ ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছিল।