• শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

নীতি-নৈতিকতায় আপসহীন থাকব, প্রয়োজনে আর এমপি হব না : মোস্তাফিজুর রহমান বাবুল

আনিছুর রহমান আইয়ুব / ১০৮ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

নীতি-নৈতিকতার পথে চললে যদি আমি দ্বিতীয়বার নির্বাচিত হতে না পারি, তাতেও আমার কোনো আক্ষেপ নেই। আমি ভোট চুরি করে এমপি হইনি, জনগণের পবিত্র ভোটে নির্বাচিত হয়েছি। নীতি-নৈতিকতার প্রশ্নে আমি সবসময়ই আপসহীন।

রোববার (১৭ মে) বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি মাদারগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল তার ব্যক্তিগত সততা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাকে সংসদ সদস্য হিসেবে সেবা করার সুযোগ দিয়েছেন। আমি আমার দুহাতে কখনো দুর্নীতি করিনি, ভবিষ্যতেও করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না। আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন, একজন জনপ্রতিনিধি হিসেবে এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না।

তিনি আরও বলেন, রাজনৈতিক জীবনে পদের চেয়ে আদর্শ বড়। জনগণের আমানত রক্ষা করা এবং সততার সাথে দায়িত্ব পালন করাই তার মূল লক্ষ্য। দ্বিতীয়বার এমপি হওয়ার মোহে তিনি কখনও অনৈতিকতার সাথে আপস করবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির উপজেলা সভাপতি রকিবুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, মাদরাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মোত্তালিব সেলিম এবং শিক্ষক নেতা মোহাম্মদ আলী জিন্নাহ ও রকিব হাসনাত প্রমুখ।

কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের সততা ও সাহসী বক্তব্যের ভূয়সী প্রশংসা করেন এবং এলাকার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে তার সার্বিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category