• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ২৩ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তত্ত্বাবধানে এ জামাতের আয়োজন করা হয়েছে।

এবারের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিদেশি কূটনীতিকদের অংশ নেওয়ার কথা রয়েছে।

জাতীয় ঈদগাহে ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, মুসল্লিদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং নারী-পুরুষের পৃথক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে, যাতে সবাই স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রধান জামাতে ইমামতি করবেন। জাতীয় ঈদগাহ ময়দানের আয়তন প্রায় ৩০ হাজার বর্গমিটার। এর মধ্যে প্রায় ২৫ হাজার ৪০০ বর্গমিটার এলাকায় প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। মোট ১২১টি কাতারে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

আয়োজকরা জানিয়েছেন, ভিআইপি পুরুষ মুসল্লিদের জন্য ২৫০ জন এবং নারীদের জন্য ৮০ জনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া সাধারণ মুসল্লিদের মধ্যে প্রায় ৩১ হাজার পুরুষ ও সাড়ে ৩ হাজার নারী মুসল্লির জন্য পৃথক নামাজের স্থান নির্ধারণ করা হয়েছে।

ঈদগাহে প্রবেশের জন্য মোট চারটি ফটক রাখা হয়েছে। এর মধ্যে একটি ভিআইপিদের জন্য, দুটি সাধারণ পুরুষ মুসল্লিদের জন্য এবং একটি নারীদের জন্য নির্ধারিত। অন্যদিকে বের হওয়ার জন্য সাতটি ফটকের ব্যবস্থা করা হয়েছে।

ঈদ জামাত উপলক্ষে মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত ফ্যান, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, নিরাপদ পানির ব্যবস্থা, কার্পেট এবং ভিআইপি কাতারে জায়নামাজ রাখা হয়েছে। নারীদের জন্য পৃথক প্রবেশপথ ও নামাজের বিশেষ ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

অজুর জন্য একসঙ্গে প্রায় ১৪০ জন মুসল্লির ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে পুরুষদের জন্য ১১৩ জন এবং নারীদের জন্য ২৭ জনের পৃথক অজুখানার ব্যবস্থা রয়েছে। নিরাপত্তার বিষয়েও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রস্তুত থাকবেন। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সেবা, ভ্রাম্যমাণ টয়লেট, বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থা এবং পানি নিরোধক সামিয়ানার ব্যবস্থাও রাখা হয়েছে।

এছাড়া ঈদগাহে তিনটি দৃষ্টিনন্দন ফটক নির্মাণ করা হয়েছে। আয়োজকদের দাবি, মুসল্লিদের নিরাপদ ও ধর্মীয় পরিবেশে ঈদের নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category