জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের পূর্ব ভাতখাওয়া গ্রামে আসাদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, তীব্র গরমে হিট স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
মৃত আসাদুল ইসলাম ওই গ্রামের মো. মহল মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করতেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে ধান কাটার কাজে অংশ নেন। তিনি কৃষিকাজের সঙ্গে নিয়মিতভাবে জড়িত ছিলেন না বলে পরিবার সূত্রে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ১জুন সকাল প্রায় ১০টার দিকে নিজ গ্রামের কয়েকজনের সঙ্গে ধান কাটতে মাঠে যান আসাদুল। এ সময় তার বাবাও সঙ্গে ছিলেন। কাজ করার একপর্যায়ে হঠাৎ করে তিনি প্রচণ্ড বুকের ব্যথা অনুভব করেন এবং ছটফট করতে থাকেন। পরে স্থানীয়রা তাকে দ্রুত পাশের একটি বাড়িতে নিয়ে গিয়ে শরীরে পানি ঢালেন।
অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু পথিমধ্যে সারমারা বাজার এলাকায় পৌঁছালে তিনি মারা যান বলে জানানো হয়। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তান রেখে গেছেন।