জামালপুরের দেওয়ানগঞ্জে জমির মালিকানার নামজারি (খারিজ) করে দিতে দালালি করাসহ বেআইনিভাবে অন্যের খারিজের নথি নিজের কাছে রাখার দায়ে রফিকুল ইসলাম রবিন (৪৫) নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৭ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম রবিন উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের সাপমারী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম রবিন একাধিক ব্যক্তির জমির খারিজ সংক্রান্ত তদবিরের জন্য সহকারী কমিশনারের কার্যালয়ে যান। বিষয়টি সহকারী কমিশনারের অতিরিক্ত দায়িত্বে থাকা ইইএনও শাহ জহুরুল হোসেনের নজরে আসে। এ সময় অভিযুক্ত রবিনের কাছে অন্য চারজন ব্যক্তির নামজারির নথি পাওয়া যায়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহ জহুরুল হোসেন বলেন, ‘জমির মালিক বা তাঁর মনোনীত প্রতিনিধি ছাড়া অন্য কেউ নামজারিসংক্রান্ত কাজে অংশ নিতে পারেন না। অভিযুক্ত ব্যক্তি অন্যের জমির নামজারি করে দেওয়ার জন্য তদবির করতে ভূমি কার্যালয়ে এসেছিলো। বিষয়টি প্রমাণিত হওয়ায় তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।