• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সরিষাবাড়ী প্রতিনিধি / ৯২ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিপু মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) ভোরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া এলাকার গামার বিলের একটি সেচ পাম্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নিপু মিয়া কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া পূর্বপাড়া গ্রামের উসমান আলীর ছেলে। কয়েক বছর বিদেশে থাকার পর দেশে ফিরে তিনি বিভিন্ন নেশায় জড়িয়ে পড়েন বলে স্থানীয়দের দাবি।

স্থানীয়দের অভিযোগ, নেশার টাকা জোগাড়ের উদ্দেশ্যে রোববার গভীর রাতে গামার বিলে অবস্থিত মজিবর রহমান ও অপর সেচ পাম্প মালিক মিষ্টারের সেচ পাম্পের সংযোগ লাইনের বিদ্যুতের তার চুরি করতে যান নিপু। এ সময় বিদ্যুতায়িত সার্ভিস তারের সংস্পর্শে এসে তিনি ঘটনাস্থলেই মারা যান।

সোমবার সকালে পথচারীরা মাঠের মধ্যে বিদ্যুতের তারে জড়িয়ে থাকা মরদেহ দেখতে পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশকে খবর দেন। পরে সরিষাবাড়ী থানার এসআই শাহীনুর ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category