জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নে মহিষবাথান থেকে ঘুঘুমারী যাওয়ার সড়কে বিশাল ভাঙন দেখা দিয়েছে। এতে দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষের চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের মাঝখানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষার পানি নিষ্কাসন ব্যবস্থা না থাকার কারণে সড়কটি দিন আরও ধসে পড়ছে। ভ্যান, রিক্সা, ভ্যান গাড়ী ও মোটরসাইকেল নিয়ে চলাচল হওয়া কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থী, রোগী ও কৃষকরা জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক কামরুল ইসলাম বলেন,“এই রাস্তা দিয়েই মহিষবাথান থেকে ঘুঘুমারী বাজার, স্কুল-কলেজ ও হাসপাতালে যেতে হয়। এ সড়ক টি ভাঙনের পর থেকে দুর্ভোগের শেষ নেই। একটা অ্যাম্বুলেন্সও এখন এ পথে আসতে পারে না। দ্রুত মেরামত না হলে পুরো সড়কটাই পুকুরে বিলীন হয়ে যাবে।
এ বিষয়ে কড়ইচড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুর রহমান বলেন, “ভাঙনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী ও এলজিইডি কর্তৃপক্ষ মো. জাহিদুল ইসলাম কে জানানো হয়েছে। জরুরি ভিত্তিতে মেরামতের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। জনগণের চলাচলের সুবিধার্থে অস্থায়ীভাবে মাটি ফেলে রাস্তা মেরামতের চেষ্টা করা হচ্ছে।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্র জানায়, সড়কটি এলজিইডির আওতাধীন। ভাঙন এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা।এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার করে চলাচল উপযোগী করার দাবি জানিয়েছেন।