• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

সব ধর্মের মানুষকে নিয়ে সমৃদ্ধ দেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সময় সব ধর্ম ও বর্ণের মানুষ একসঙ্গে লড়াই করেছেন। একইভাবে সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চান তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের উদ্দেশে যাত্রাপথে পাগলাপীর এলাকায় এক সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন সরকারপ্রধান।

খেটে খাওয়া মানুষসহ সমাজের সকল শ্রেণিপেশার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন জানিয়ে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষ যেদিন বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, সেদিন থেকে খেটে খাওয়া মানুষের থাকার চেষ্টা করেছি। ইতোমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা করে কৃষি ঋণ মওকুফ করে তাদের কৃষি কার্ড, ফ্যামেলি কার্ড চালু করেছি। মসজিদ, মন্দিরসহ ধর্মীয় গুরুদের জন্য ভাতার ব্যবস্থা করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব চলছে। শারদীয় দুর্গাপূজা উৎসব। দেশ স্বাধীনের সময় সব ধর্ম-বর্ণের মানুষ যেভাবে মিলে দেশকে স্বাধীন করেছে, তেমন করেই সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে গড়তে চাই। তাই প্রতিজ্ঞা হোক, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা বাংলাদেশে আছি, এ দেশটা আমাদের। তাই সবাই মিলে পরিশ্রম করে এই দেশকে গড়ে তুলব প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে। এই হোক আমাদের আজকের প্রত্যাশা।’

দুর্গাপূজা উপলক্ষে ঢাকার বাইরে তিন বিভাগের পূজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে আজ রংপুরে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে নামেন তিনি। পরে সড়কপথে রংপুরের উদ্দেশ্যে রওনা হন।

সৈয়দপুর থেকে রংপুর আসার পথে মহাসড়কের দুই ধারে দাঁড়িয়ে থাকা হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। যাত্রাপথে সরকারপ্রধান তারাগঞ্জ ও পাগলাপীর এলাকায় সংক্ষিপ্ত দুটি পথসভায় বক্তব্য দেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী রংপুর নগরীর ঐতিহাসিক ধর্মসভা (রাধা গোবিন্দ) মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category