ঢাকায় এসে পৌঁছেছেন কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি। দুই দিনের সফরে রোববার (১৭ মে) সন্ধ্যায় ঢাকা বিমানবন্দরে পৌঁছান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির কাতারের শ্রমমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তাল পরিস্থিতির মধ্যে তার এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের শ্রমবাজার ইস্যুটি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।
প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাতারের শ্রমমন্ত্রী মাররির বিশেষ সখ্যতা রয়েছে। আজ রাতেই প্রধানমন্ত্রীর সৌজন্যে আয়োজিত এক নৈশভোজে অংশ নেবেন তিনি। নৈশভোজের পাশাপাশি দুই নেতা এক দ্বিপক্ষীয় সাক্ষাতে মিলিত হবেন। সেখানে বাংলাদেশ ও কাতারের সামগ্রিক সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি বর্তমান উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতির প্রেক্ষাপটে কাতারের নেতৃত্ব, সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করবেন প্রধানমন্ত্রী।
সফরকালে আল মাররি অন্যান্য উচ্চপদস্থ নেতা এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া, একটি যৌথ কমিটি বৈঠকও অনুষ্ঠিত হবে, যেখানে শ্রম, জনশক্তি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা ও কাতারে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়াদি আলোচনার কথা রয়েছে।