চীনের শানঝি প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে চীনের জনগণ এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘চীনের এই বিপদে বাংলাদেশ পাশে আছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা, আহতদের সেবা এবং এ ঘটনার তদন্তে আপনাদের চলমান প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছে বাংলাদেশ।
তিনি আরও বলেন, ‘আহতদের চিকিৎসা এবং নিখোঁজদের সন্ধানে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, সেই উদ্ধারকারী দলগুলোর জন্য আমাদের প্রার্থনা রইল। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা যেন ধৈর্য, সাহস ও সান্ত্বনা খুঁজে পান।
উল্লেখ্য, গত শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে চীনের উত্তরাঞ্চলের শানঝি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৯০ জন শ্রমিক নিহত হন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।