দুর্দান্ত বোলিংয়ে লক্ষ্যটা নাগালেই রেখেছিলেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানরা। পরে ব্যাট হাতে সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়রা। টানা দ্বিতীয় জয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশও।
মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে ৫ উইকেটে জিতেছে টাইগাররা। ৪২ ওভারে ১৯৫ রানের লক্ষ্য তারা পূরণ করে ৩৬ বল হাতে রেখেই। তিন ম্যাচের সিরিজ স্বাগতিকরা নিশ্চিত করল ২-০তে এগিয়ে গিয়ে।
দলের জয়ে তিনটি করে উইকেট নিয়েছেন তাসকিন ও মোস্তাফিজ, ২টি নিয়েছেন তানভীর ইসলাম। ব্যাট হাতে সৌম্য ও শান্ত খেলেছেন ৪২ রানের ইনিংস। ৫৫ বলে ৪০ রানে হৃদয় ও ২২ বলে ২২ রানে মেহেদী হাসান মিরাজ অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।
দলীয় ১৪৪ রানে মোসাদ্দেক হোসেন আউটের পর বেশ চাপে ছিল দল। হৃদয় ও মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাকি পথটুকু নিরাপদেই পাড়ি দিয়েছে স্বাগতিকরা। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো জিতল ওয়ানডে সিরিজ।
ছক্কায় ম্যাচ শেষ করেন মিরাজ।
অস্ট্রেলিয়াকে হারিয়ে চক্রপূরণের পথে এগিয়ে গেল বাংলাদেশ। বাকি রইল কেবল ইংল্যান্ড। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে কেবল ইংল্যান্ডের বিপক্ষে কোনো ওয়ানডে সিরিজে জিততে পারেনি বাংলাদেশ।