জামালপুরের দেওয়ানগঞ্জে ডাংধরা ইউনিয়নের সরকার পাড়া এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন, সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.শাহ জহুরুল হোসেন।
রবিবার বিকেলে ডাংধরা ইউনিয়নের সরকার পাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে মিজানুর রহমান (৩১ ) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়। তিনি উপজেলার চর রাজিবপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ (খ) ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা প্রশাসন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মো. শাহ জহুরুল হোসেন বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।