জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের পিয়াজের বাজারে একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত এক ব্যক্তির পচাগলা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পিয়াজের বাজার এলাকার নয়া পাড়া গ্রামের জালাল উদ্দীনের একটি পরিত্যক্ত ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। প্রথমে স্থানীয়রা ধারণা করেছিলেন, হয়তো কোনো কুকুর বা অন্য কোনো প্রাণী মরে পচে গেছে। কিন্তু দুর্গন্ধ বাড়তে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। এক পর্যায়ে তালাবদ্ধ ঘরটির বেড়ার নিচ দিয়ে কৌতুহলী হয়ে উঁকি দিলে ভেতরে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।
স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস পি বি আই এর টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং তালা ভেঙে মরদেহটি উদ্ধার করে। দীর্ঘ সময় মরদেহটি ঝুলে থাকায় তা পচে গলে বিকৃত হয়ে গেছে এবং চারপাশ জুড়ে ব্যাপক দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি প্যাকেটিং করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, মৃত ব্যক্তি এলাকার কেউ নন এবং তাকে আগে কখনও ওই এলাকায় দেখা যায়নি।
এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি (তদন্ত) নুর মোহাম্মদ বলেন, “মরদেহটি পচে গলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তদন্তের মাধ্যমে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর রহস্য উন্মোচনের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।