• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

বাহাদুরাবাদ-বালাসী রুটে ২য় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

এস এম খোরশেদ / ১৩৮ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬
0-0x0-0-0#

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ-বালাসী রুটে যমুনা নদীর ওপর ২য় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেলে বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালরচর বাজারে বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন, বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ছইম উদ্দিন, সাবেক সভাপতি হামিদুল হক, সাধারণ সম্পাদক আ. রউফ রতন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব মো. কামরুল হাসান, ছাত্রদল সভাপতি মো. শফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাহাদুরাবাদ-বালাসী রুটে ২য় যমুনা সেতু নির্মাণ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। সেতুটি নির্মিত হলে রংপুর বিভাগের আটটি জেলা এবং ময়মনসিংহ বিভাগের তিনটি জেলার মানুষের যাতায়াত সহজ ও দ্রুত হবে। একই সঙ্গে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি সময় ও অর্থের সাশ্রয় হবে।

বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ. রউফ রতন বলেন, “বাহাদুরাবাদ-বালাসী রুটে ২য় যমুনা সেতু নির্মাণ এখন সময়ের দাবি। যমুনা নদীর ওপর প্রথম সেতু নির্মাণের প্রাথমিক পরিকল্পনা ছিল এ রুটে। কিন্তু পরবর্তীতে পরিকল্পনা পরিবর্তন করে টাঙ্গাইল-সিরাজগঞ্জ এলাকায় সেতু নির্মাণ করা হয়। ফলে উত্তরাঞ্চলের বিপুল জনগোষ্ঠী এখনও কাঙ্ক্ষিত যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত।

বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ছইম উদ্দিন বলেন, “এই সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।

বক্তারা আরও বলেন, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত দীর্ঘদিন ধরে বাহাদুরাবাদ-বালাসী সেতু নির্মাণের বিষয়ে বিভিন্ন পর্যায়ে কাজ করে যাচ্ছেন। সরকারের সংশ্লিষ্ট মহলে প্রকল্পটির প্রয়োজনীয়তা তুলে ধরার মাধ্যমে তিনি বিষয়টি বাস্তবায়নে আন্তরিক ভূমিকা পালন করছেন। বক্তারা আশা প্রকাশ করেন, তাঁর উদ্যোগেই দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ থেকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট পর্যন্ত ২য় যমুনা সেতু বাস্তবায়িত হবে।
মানববন্ধন শেষে দ্রুত প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category