• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

দেশব্যাপী ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের ঘোষণা শিক্ষামন্ত্রীর

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ১৬১ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

দেশব্যাপী শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, অর্থমন্ত্রীর আশ্বাস অনুযায়ী আগামী জুলাই মাসেই মাদরাসা শিক্ষকদের সব বকেয়া বেতন পরিশোধ করা হবে। রবিবার (২৮ জুন) প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষককে ট্যাব দেওয়া হবে। এর মাধ্যমে ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম গড়ে তোলা হবে, যেখানে শিক্ষকরা পাঠদান, পাঠ পরিকল্পনা এবং শিক্ষার্থীদের অগ্রগতি ডিজিটালভাবে পর্যবেক্ষণ করতে পারবেন। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে আরও ২০ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের পরিকল্পনাও বাস্তবায়নের পথে রয়েছে।’

তিনি জানান, ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানের জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ম্যাপিংয়ের মাধ্যমে সামাজিক ও ভৌগোলিক বৈষম্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা দেওয়া হয়েছে এবং প্রতিটি শিক্ষার্থীর জন্য ইউনিক এডুকেশন আইডি চালুর কাজ চলছে। এছাড়া ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ প্রকল্পের আওতায় ৩০০ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রধানমন্ত্রীর ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিও বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানান তিনি।

মাদরাসা শিক্ষকদের বেতন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ পাওয়া প্রায় ১৭ হাজার শিক্ষকের বেতন দিতে প্রতি মাসে ৫০১ কোটি টাকা প্রয়োজন হলেও অর্থের সংস্থান না থাকায় চলতি মাসে বেতন দেওয়া সম্ভব হয়নি। তবে অর্থমন্ত্রী ইতোমধ্যে ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন এবং জুলাই মাসে বাকি অর্থ ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে আগামী মাসেই সব বকেয়া বেতন পরিশোধ করা হবে।

এ সময় শিক্ষামন্ত্রী অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরভাতা দ্রুত পরিশোধে অর্থমন্ত্রীর সহযোগিতার কথাও উল্লেখ করেন। তবে বক্তব্যের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় স্পিকার তার মাইক বন্ধ করে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category