জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সুজিত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, নতুনের আগমন একটি চিরন্তন নিয়ম। বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তির প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা, কঠোর অধ্যবসায় ও সৃজনশীলতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তিনি নবীন শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে বলেন, ছোট একটি বিশ্ববিদ্যালয় হলেও এখান থেকেই আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সীমাবদ্ধতা থাকলেও শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। শিক্ষার্থীরা স্নাতক সম্পন্ন করার পর উচ্চশিক্ষা কিংবা কর্মজীবনে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুর হোসেন চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কার্যক্রম ও প্রয়োজনীয় প্রশাসনিক বিষয় সম্পর্কে নবীন শিক্ষার্থীদের পরিচিত করে তোলেন।
এ সময় ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাদীকুর রহমান বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা ও শৃঙ্খলাবিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল আলম এবং মোহাম্মদ হাসান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিভাগের সকল শিক্ষক, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন আতিফ হাসান। তিনি বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে নিজের প্রত্যাশা ও অনুভূতির কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের একপর্যায়ে দেশের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সুজিত রায়।