ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের উপকূলে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির ঘটনা ঘটেছে। ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৩৮ জনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির উদ্ধারকারী সংস্থা। ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।
শনিবার (১৫ আগস্ট) ভোরের দিকে আঘাত হানা ভূমিকম্পের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটির বিভিন্ন এলাকায় এক মিটারের (৩ ফুট) কম উচ্চতার সুনামি রেকর্ড করা হয়।
মাওমেরে বন্দর শহরের আশপাশে উদ্ধারকারী দল ৩৮টি মরদেহ, ছয়জন আহত এবং ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা দুজনকে উদ্ধার করেছে বলে জানান শহরটির উদ্ধারকারী সংস্থার প্রধান ফাথুর রহমান।
ভূমিকম্পের উৎপত্তিস্থলের সবচেয়ে কাছের অঞ্চল নাগেওকেওতে এখনো উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি। সেখানে যোগাযোগব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রয়টার্সকে জানান ফাথুর। ভূমিধসের কারণে গাড়িতে করে নাগেওকেও যাওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে আরেকটি দল ফেরিতে করে সেখানে যাওয়ার চেষ্টা করছে বলে জানান তিনি।
ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা বিএমকেজি জানায়, স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটে প্রথম ভূকম্পনটি রেকর্ড করা হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার বা ৯ মাইল গভীরে। এর আধা ঘণ্টার মধ্যে অন্তত আরো তিনটি আফটারশক হয়। রিখটার স্কেলে এগুলো যথাক্রমে ৫.৯, ৫.৬ এবং ৬.১ মাত্রার ছিল ।