হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের আংশিক কার্যক্রম আগামী ১৬ ডিসেম্বর শুরু হতে পারে। ধাপে ধাপে আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনালের আংশিক কার্যক্রম চালুর লক্ষ্য রয়েছে সরকারের। এরপর ধাপে ধাপে এর কার্যক্রম বাড়ানো হবে। আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে টার্মিনালটি পুরোপুরি চালু করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।
থার্ড টার্মিনাল চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান যাত্রী চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বিমানবন্দরে যাত্রীসেবার মানও উন্নত হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।
থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশ দায়িত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইনস পালন করবে বলেও জানান মন্ত্রী। যাত্রীরা যাতে দ্রুত লাগেজ হাতে পান, সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে থার্ড টার্মিনাল পরিচালনা থেকে অর্জিত আয়ের ২৭ শতাংশ বাংলাদেশে রেখে বাকি অংশ জাপানকে দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক চুক্তির প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে বলে জানান মন্ত্রী।