বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের মেলান্দহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “জাতীয়তাবাদী মহিলা দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি নারীর অধিকার, মর্যাদা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ শক্তি। দেশের গণতান্ত্রিক আন্দোলনে নারী নেতাকর্মীদের ভূমিকা অনস্বীকার্য।
তিনি বলেন, “নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে তাদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে হবে। মেলান্দহের নারী নেত্রীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। আগামী দিনে দেশ ও জনগণের কল্যাণে নারী সমাজকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।