• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

৫-৭ দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে : প্রধানমন্ত্রী

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ২৬ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং গ্যাসের সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও মন্দিরে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশ থেকে আমদানি করা গ্যাস সংরক্ষণের জন্য সাগরে দুটি জাহাজ রয়েছে। এর একটি জাহাজে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হওয়ায় অপর জাহাজটির ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। এতে পাইপলাইনে গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে।

তিনি বলেন, গত সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে গ্যাস সরবরাহ আরও স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

গ্যাস চুরি প্রসঙ্গে তারেক রহমান বলেন, তেলের মতো গ্যাসের ক্ষেত্রেও একটি অসাধু চক্র সক্রিয় রয়েছে। তারা বিভিন্ন যন্ত্র ব্যবহার করে পাইপলাইন থেকে অবৈধভাবে গ্যাস নেওয়ার কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

অবৈধভাবে বিদ্যুৎ, গ্যাস ও তেল ব্যবহারের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু সরকারের পক্ষে একা এসব অনিয়ম বন্ধ করা সম্ভব নয়। রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ঠেকাতে জনগণের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। এ দায়িত্ব অত্যন্ত কঠিন হলেও জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে।

বিগত সময়ে রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিস্বার্থে ব্যবহার ও বিদেশে পাচারের অভিযোগ তুলে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রকাশিত শ্বেতপত্রে বছরে ১৬ বিলিয়ন ডলার পাচারের তথ্য উঠে এসেছে। এসব সম্পদ দেশের মানুষের এবং এগুলো জনগণের কল্যাণে ব্যবহারের চেষ্টা করছে বর্তমান সরকার।

তিনি বলেন, সরকারের দুটি প্রধান লক্ষ্য—মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং সাধারণ ও তৃণমূল জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা।

নারীদের স্বাবলম্বী করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীদের শিক্ষার সুযোগ বাড়াতে সরকারের উদ্যোগ রয়েছে। ঢাকা-১৭ আসনে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়েছে এবং নভেম্বর বা ডিসেম্বর থেকে ৪১ লাখ নারীর হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় নেতাদের সহায়তার বিষয়েও সরকারের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড এবং কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের উদ্যোগ বাস্তবায়নের কথা জানান।

চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশই এ সমস্যার মুখোমুখি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে যে চাপ তৈরি হয়েছে, তার প্রভাব বাংলাদেশেও পড়েছে।

দেশীয় গ্যাস অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে গ্যাসের মজুত রয়েছে কি না, তার পূর্ণাঙ্গ চিত্র এখনো জানা যায়নি। বিগত সময়ে দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্সকে যথাযথভাবে কাজে লাগানো হয়নি এবং জ্বালানি খাতকে বিদেশ-নির্ভর করে তোলা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, দায়িত্ব নেওয়ার পর সরকার বাপেক্সকে সক্রিয় করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। গ্যাস অনুসন্ধান ব্যয়বহুল হলেও দেশের বিভিন্ন এলাকায় ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব অনুসন্ধানে নতুন গ্যাসের সন্ধান মিললে জ্বালানি সংকট মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর সভাপতিত্বে দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category