জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে চার জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।একই সঙ্গে তাঁদের কাছ থেকে জব্দ করা ৭০ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার সানন্দবাড়ী এলাকার যমুনা নদীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পাটাধোয়াপাড়া গ্রামের মো. জাহিদুল ইসলাম ও খলিম উদ্দিন এবং মোল্লারচর গ্রামের মো. শামীম ও মো. রহিম। উপজেলা প্রশাসন জানায়- গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী, পাটাধোয়াপাড়া ও মোল্লারচর এলাকার যমুনা নদীতে এ অভিযান চালানো হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। নদীতে ইলিশ শিকারের সময় চারজনকে হাতেনাতে আটক ও মাছ জব্দ করা হয়।