• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

মাদারগঞ্জে নিখোঁজের তিনদিন পর অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ৯০ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিনদিন পর জহুরুল ইসলাম (৬০) নামে এক অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পূর্ব চরপাকেরদহ এলাকায় মাথাভাঙা-তেঘরিয়া সড়কের পাশের একটি ফসলি খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জহুরুল ইসলাম উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার মৃত তছমেল মন্ডলের ছেলে। তিনি মাদারগঞ্জ পৌরসভার জোনাইল মৃধাবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। পেশায় তিনি অটোচালক ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট দিবাগত রাত ১টার দিকে ঘুঘুমারী এলাকা থেকে অটোরিকশা নিয়ে নিজ বাড়ি বাকুরচরের উদ্দেশে রওনা হন জহুরুল ইসলাম। পরে আমলীতলা ব্রিজের উত্তর পাশে সড়কের ওপর তাঁর অটোরিকশাটি পড়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জহুরুলকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না পেয়ে ১৮ আগস্ট জহুরুল ইসলামের ছেলে বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি নিখোঁজের অভিযোগ করেন। এদিকে, বৃহস্পতিবার দুপুরে মাথাভাঙা-তেঘরিয়া সড়কের পূর্ব চরপাকেরদহ এলাকায় সড়কের পাশের একটি ফসলি খেতে মরদেহ পড়ে থাকতে দেখেন এক কৃষক। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি জহুরুল ইসলামের বলে শনাক্ত করেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, নিখোঁজের তিনদিন পর জহুরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। এটি হত্যাকাণ্ড কি না, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category