কৃষকদের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, বিক্রির রেজিস্টারে গরমিল, রসিদ ছাড়া সার বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে জামালপুরের ইসলামপুরে দুই সার ডিলারকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার চরপুটিমারি ইউনিয়নের বেনুয়ারচর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের।
অভিযানে বিসিআইসি সার ডিলার মেসার্স মা ট্রেডার্স ও মেসার্স আমজাদ ট্রেডার্সে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া সার বিক্রির ক্যাশ মেমোর সঙ্গে রেজিস্টার খাতার গরমিল, রসিদ ছাড়া সার বিক্রি এবং গুদামের মজুদ হিসাবেও অসংগতি ধরা পড়ে।
সার কিনতে আসা সাধারণ কৃষকদের সঙ্গে ডিলারদের অসদাচরণের অভিযোগও পাওয়া যায়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের বলেন, কৃষকদের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার বিক্রিতে অনিয়ম ও কালোবাজারির সত্যতা পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, কৃষকের স্বার্থ রক্ষায় কোনো সিন্ডিকেট বা অসাধু চক্রকে ছাড় দেওয়া হবে না। সার নিয়ে অনিয়ম ও কালোবাজারি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আহম্মেদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকরা। তারা সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করা এবং কালোবাজারির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।