জামালপুরের মাদারগঞ্জে কেমিক্যাল এর পরিত্যাক্ত ড্রাম কাটার সময় বিস্ফোরণে নুরনবী ফকির ( ৪৫) নামে এক ওয়ার্কশপ ব্যবসায়ী মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৩১ আগষ্ট (সোমবার) বিকাল সাড়ে ৩ টার দিকে মাদারগঞ্জ পৌর শহরের জোনাইল বাজারে এ দূর্ঘটনা ঘটে।
নিহত নুরনবী ফকির এর বাড়ী জোনাইল পক্ষীমারী। তিনি মৃত মতিউর রহমান মতি ফকিরের ছেলে। সে পেশায় একজন ওয়ার্কশপ ব্যবসায়ী।
এ বিষয় স্থানীয়রা জানান, ব্যবসায়ী নুরনবী তার নিজের প্রয়োজনে কেমিক্যাল রাখার একটি পরিত্যাক্ত স্টিলের ড্রাম কাটা শুরু করলে বিস্ফোরণ ঘটে। এতে ড্রামের আঘাতে মাথায় ও মুখে গুরুতর আঘাত পান নুরনবী ফকির।
ড্রাম বিস্ফোরণে বিকট শব্দ শুনে আশেপাশের ব্যবসায়ীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়।
পরে অবস্থার অবনতি দেখে চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। কিন্তু দূর্ভাগ্যবশত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, নুরনবী ফকির স্ত্রী, এক ছেলে ও একটি মেয়ে রয়েছে।