সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে মাদারগঞ্জে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ সেপ্টেম্বর ( শুক্রবার) সকালে ঝালুপাড়া মন্দির কমিটির উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
এ শোভাযাত্রা টি মন্দির থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভক্তরা ধর্মীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন সাজসজ্জায় অংশ নেন। শোভাযাত্রায় নারী, পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের অসংখ্য সনাতন ধর্মাবলম্বী আনন্দ-উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে ভক্তিমূলক সঙ্গীত, কীর্তন ও ধর্মীয় স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। আয়োজকরা জানান, শ্রীকৃষ্ণের আদর্শ, মানবতা, সত্য ও ন্যায়ের বাণী সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজা-অর্চনা, গীতা পাঠ, কীর্তন এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে জন্মাষ্টমীর ধর্মীয় কর্মসূচি সম্পন্ন হয়। উৎসবটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালিত হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।