• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

বাংলাদেশ কারও গোলামি করবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ১৮ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ এখন আর কোনো দেশের দাসত্ব বা গোলামি করবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘বাংলাদেশ নিজস্ব স্বকীয়তা ও গতিতে এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী অবস্থান থেকে বিশ্বকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এদিন সংসদে প্রথমবারের মতো বক্তব্য দেন তিনি। এ সময় ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশের জন্য এটি একটি গর্বের সময়। বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হবে বলেও তিনি উল্লেখ করেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন কোনো দেশের দাসত্ব বা গোলামি আর করবে না। বাংলাদেশ তার নিজস্ব গতিতে চলবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং এই মহান সংসদের সমর্থনে আমরা এমন একটি দেশ হিসেবে আবির্ভূত হবো, যা বিশ্বকল্যাণে ইতিবাচক প্রভাব ফেলবে এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে শক্তিশালী অবস্থান থেকে অবদান রাখবে।’

সংসদে দেওয়া বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত ও আহত ‘জুলাই যোদ্ধাদের’ প্রতিও গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘একজন জুলাই যোদ্ধার ওপর হামলা মানে বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা।

এ প্রসঙ্গে ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘৭ সেপ্টেম্বর সন্ধ্যায় একটি পার্কে ভাই, ভাবি ও চার বছর বয়সী এক শিশুকে নিয়ে হাঁটার সময় বাংলাদেশ থেকে বিতাড়িত আওয়ামী লীগের কর্মী ও সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়।

ঘটনার পরপরই সরকার পদক্ষেপ নিয়েছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, ‘ইতালির পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। রোমে বাংলাদেশ দূতাবাস ও মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তাকে সর্বোচ্চ কনস্যুলার সহযোগিতা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ‘বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার পর ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হবে। বিদেশে পালিয়ে থাকা অপরাধীদের প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যারা দেশের কোষাগার লুট করেছে, মানুষ হত্যা করে দেশ থেকে পালিয়েছে, তাদের আইনের দীর্ঘ হাত ব্যবহার করে দেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category