• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে সরকার : নাহিদ ইসলাম

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ১৩০ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক নাহিদ ইসলাম বলেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিলেও সরকার এখনো সেই সংস্কার বাস্তবায়ন করেনি। তিনি অভিযোগ করেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাসস্ট্যান্ডে আয়োজিত ‘জুলাই বিপ্লবীদের মহাসমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ ও পদযাত্রার আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, সরকার জনগণের কাছে বিদ্যুৎ সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু প্রস্তাবিত বাজেটে সেই প্রতিশ্রুতির কার্যকর প্রতিফলন দেখা যায়নি। জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার বাস্তবায়নে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস ও অপরাধ বাড়ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনি এলাকা দিয়েই মাদক দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ করে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, গণভোটের রায় পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এসব কর্মকাণ্ড বন্ধে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জনগণের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, বিএনপি কোনো ভালো কাজ করলে তার প্রশংসা করার মানসিকতা থাকতে হবে। আবার যে কোনো রাজনৈতিক দল জনগণ বা রাষ্ট্রের স্বার্থবিরোধী কাজ করলে তার যৌক্তিক সমালোচনা করার সৎ সাহসও থাকতে হবে।

সমাবেশে গাজীপুর জেলা এনসিপির সভাপতি এম এম সোয়েবসহ জেলা ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। এ সময় জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দ এবং এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল সাড়ে ৪টায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে এসে মহাসমাবেশে মিলিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category