অতীত থেকে শিক্ষা না নিলে এই সরকারকেও পালাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে ফেনী মহীপালে ১১ দলের পথসভায় একথা জানান তিনি।
জামায়াত আমির বলেন, সরকার বারবার জনদাবি উপেক্ষা করে মানুষের সাথে প্রতারণা করছে। দেশের যেকোনো সংকটে দেশকে ফেলে অন্য রাজনৈতিক দল বিদেশে পালিয়ে যায়। একমাত্র জামায়াত কখনও দেশ ছেড়ে পালিয়ে যায়নি।
তিনি বলেন, নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। আমাদের এখন চোখ রাঙানো হয়, এসব চোখ রাঙানো আমরা ভয় করি না। প্রস্তুত থাকুন, চূড়ান্ত ডাক এলে আবার বের হতে হবে।
পথসভায় জামায়াত আমির বলেন, দেশবাসী ভালো নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই। ছয় মাস হয়েছে গণহত্যার একটা বিচারেরও অগ্রগতি নেই। প্রথম দিন থেকে এ সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বাংলাদেশ ছাড়া আমাদের আর কোনো ঠিকানা নেই। আমাদের ওপর অত্যাচারের স্ট্রিমরোলার চালানো হয়েছে। আমরা কোনো দাদার বাড়ি, পিসির বাড়ি চলে যাইনি।
তিনি বলেন, জন অধিকার নিয়ে স্বেচ্ছাচারিতা করলে বিরোধী দল ছাড় দেবে না। সবাইকে আবারও নতুন করে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান জানান তিনি।
এসময়, আঘাত আসলে পাল্টা আঘাত করতে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ঢাকার মহাসমাবেশ থেকে রাজনৈতিক চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। আর চূড়ান্ত ঘোষণার আগে সরকার ছয় দফা মেনে নিলে বিরোধী দল কঠোর কর্মসূচি থেকে সরে আসবে বলেও জানান তিনি।
১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে যাত্রা শুরু করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা আমীর মাওলানা মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এলডিপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিনসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও ফেনী জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এবং মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি। এছাড়াও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয়, ফেনী জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।