জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা শেষে ড্রেসিংরুমে যাচ্ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। হঠাৎ একজন সাংবাদিক বাংলাদেশের নাম উল্লেখ করতেই ঘুরে দাঁড়ান আর্জেন্টিনা গোলরক্ষক। জানান বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা।
বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা এরই মাঝে জায়গা করে নিয়েছে বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলোতে। সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি ফিফা ওয়েবসাইটেও সোভা পাচ্ছে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের ছবি।
মার্তিনেজ নিজেও ব্যাপারটা ভালোভাবেই জানেন। কারণ বিশ্বকাপ জয়ের পর ২০২৩ সালের জুলাইয়ে ঢাকায় এসে নিজ চোখে তিনি দেখে গেছেন আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা, তাদের প্রতি ভালোবাসা। দৈনিক আজকের পত্রিকা’র হেড অব স্পোর্টস রানা আব্বসের মুখে বাংলাদেশের নাম শুনতেই তাই থমকে দাঁড়ান বিশ্বসেরা গোলরক্ষক।
তিনি বলেন, ‘ওহ, বাংলাদেশ। আমি বাংলাদেশকে অনেক পছন্দ করি। আমি বাংলাদেশের ভক্তদের ভালোবাসি। সেখানে আমি গিয়েছিলাম এবং সত্যিই দেশটিকে অনেক ভালোবাসি।বাংলাদেশ এবারও আশা করছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে। এটি শুনে মার্তিনেজ বলেছেন, ‘হ্যাঁ, আমি জানি। আমি জানি, আমাদের জন্য তারা কতটা পাগল। সেটা আমি জানি। আমি তাদের সমর্থন ভালোবাসি। যেভাবে তারা সমর্থন করে, এক অর্থে তারাও এক একজন আর্জেন্টাইন, সেটা আমার ভালো লাগে।
এরপর‘বাংলাদেশের জন্য অনেক অনেক ভালোবাসা’ জানিয়ে ড্রেসিংরুমের দিকে চলে যান আর্জেন্টিনা গোলরক্ষক। গ্রুপ পর্বের তিন ম্যাচে এদিনই প্রথম গোল হজম করেন মার্তিনেজ। ম্যাচটি যদিও ৩-১ গোলে জেতে আর্জেন্টিনা। রাউন্ড অব বত্রিশে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ নবাগত কেপ ভার্দে।