ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোটগ্রহণ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ এ কথা বলেন।
তিনি বলেন, ‘সবার সহযোগিতায় ভালো নির্বাচন হয়েছে। আমরা সন্তুষ্ট। নির্বাচনকে ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে কমিশনের জন্য পরীক্ষা হিসেবে উল্লেখ করা হয়েছে-এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘আমরা পাস না করলে কি ব্রিফ করছি? নির্বাচন নিয়ে আমরা সন্তুষ্ট।
ভোটগ্রহণ চলাকালে তিনজনকে আটকের বিষয়ে ইসি সচিব বলেন, ‘আটক ব্যক্তিরা ভোটার নন। কৌতূহলবশত তারা ভোটকেন্দ্রে প্রবেশ করেছিলেন। এদিকে ঠাকুরগাঁও-১ আসনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টার দিকে শেষ হয়। এরপর শুরু হয় ভোট গণনা। আসনটির ১৮৫টি কেন্দ্রে পাঁচ লাখ ১৬ হাজারের বেশি ভোটারের জন্য ভোটগ্রহণের ব্যবস্থা রাখা হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচ প্রার্থী।
এর আগে, দুপুর পর্যন্ত আসনটিতে ৪৮ শতাংশ ভোট পড়ে বলে জানা যায়। অন্যদিকে, ভোটের ব্যালটের মুড়িতে ভোটগ্রহণ শুরুর আগেই কর্মকর্তাদের সিল ও স্বাক্ষর থাকার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘বিষয়টি নিয়ে এখনই মন্তব্য করার সময় আসেনি।