• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

কন্যাশিশু রেখে লাপাত্তা স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী

মাদারগঞ্জ প্রতিনিধি / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

স্ত্রী অন্য এক যুবকের সঙ্গে চলে যাওয়ার ঘটনায় সৌদি আরবে বসে দুধ দিয়ে গোসল করেছেন আজিজ আকন্দ নামের এক প্রবাসী। এ সময় নিজের ভেঙে যাওয়া সংসার ও শিশুকন্যাকে রেখে স্ত্রীর চলে যাওয়ার কথা তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন তিনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার সেই ভিডিও।

ভাইরাল হওয়া ভিডিওতে আজিজকে বলতে শোনা যায়, ‘বিশ্বাস করে রেখে গেছিলাম… ফুটফুটে শিশুকন্যা রেখে চলে গেছে অন্যের হাত ধরে।’ এ সময় দুধ দিয়ে গোসল করার পাশাপাশি আল্লাহর কাছে বিচার চাওয়ার কথাও বলেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, আজিজ আকন্দ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরগোপালপুর এলাকার বাসিন্দা। জীবিকার তাগিদে কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান তিনি। প্রায় নয় বছর আগে শান্তনা আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে ছয় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

আজিজের অভিযোগ, গত বুধবার বিকেলে তাদের মেয়েকে বাড়িতে রেখে তিন লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার নিয়ে অন্য এক যুবকের সঙ্গে চলে যান তার স্ত্রী। এ ঘটনায় বৃহস্পতিবার মাদারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সৌদি আরব থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের কষ্টের কথা তুলে ধরেন আজিজ। ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘নারীর মায়া, বিশ্বাস করে রেখে গেছিলাম, ৯ বছরের সংসার ভেঙে ৬ বছরের একটি ফুটফুটে শিশুকন্যা রেখে চলে গেছে অন্যের হাত ধরে। আমি সৌদি আরবে দুধ দিয়ে গোসল করলাম, বিচার দিমু কাবাঘরে, আল্লাহর কাছে।’

এদিকে, আজিজের অভিযোগের বিষয়ে জানতে শান্তনা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তার পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।

মাদারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসেম জানান, আজিজ আকন্দের পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category